নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পর্যটনমন্ত্রীর

নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পর্যটনমন্ত্রীর

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০৫, ৩ আগস্ট ২০২৬

কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘মানিকগঞ্জ জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের ডিপিপি যাচাই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় মানিকগঞ্জে পর্যটন সার্কিট গড়ে তুলতে নদীকেন্দ্রিক পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পর্যটন তথ্য ও সেবা কেন্দ্র, হস্তশিল্প কেন্দ্র এবং লাইফগার্ড সেবা কেন্দ্র স্থাপনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ জেলার ঐতিহ্যবাহী পর্যটন স্থাপনাগুলোর সংরক্ষণ, পুনর্বাসন এবং পর্যটনবান্ধব উন্নয়নের নির্দেশ দেন। তিনি বলেন, প্রতিটি পর্যটন স্থানের জন্য স্বতন্ত্র থিম নির্ধারণ করে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং স্থানীয় জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নতুন পর্যটন উদ্যোগকে সম্পৃক্ত করতে হবে।

আফরোজা খানম বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তাই এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও জানান, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু সংলগ্ন অতিথিশালাগুলোকে সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।

দেশের পর্যটন সম্ভাবনা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রচারণামূলক ওয়েবসাইট ব্যবহার করে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার আহ্বানও জানান মন্ত্রী।

সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন আফরোজা খানম। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটিকে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

 
শেয়ার করুনঃ
Advertisement