তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করলেন হাইকোর্ট

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করলেন হাইকোর্ট হাইকোর্ট। ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট

Published : ১৭:২১, ৩০ জুলাই ২০২৬

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এ অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, অর্থটি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর সাংবাদিকদের তিনি জানান, একই বিষয়ে এর আগে জিপিএইচ ইস্পাত হাইকোর্টে একটি রিট দায়ের করে আদেশ পেয়েছিল। পরবর্তীতে সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেন।

এরপরও কোম্পানিটি নিম্ন আদালতে নতুন মামলা দায়ের করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করে। তবে নতুন রিটের সময় আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ এবং একই বিষয়ে বিচারাধীন কার্যক্রমের তথ্য আদালতের কাছে উপস্থাপন করা হয়নি।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা বিচারিক প্রক্রিয়ার সঙ্গে প্রতারণার শামিল। বিষয়টি আদালতের নজরে আনার পর রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, তারা আগের মামলার বিষয়ে অবগত ছিলেন না।

তিনি আরও বলেন, আদালতের প্রতি এমন অসততা ও তথ্য গোপনের ঘটনায় দৃষ্টান্তমূলক অর্থদণ্ড আরোপের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন গ্রহণ করে হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এ আদেশ বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। একই সঙ্গে আদালতের কাছে তথ্য গোপন বা অসততার বিরুদ্ধে বিচার বিভাগের কঠোর অবস্থানেরও প্রতিফলন ঘটিয়েছে এ রায়।

শেয়ার করুনঃ
Advertisement