সতর্ক থাকার আহ্বান দিলো বাংলাদেশ পুলিশ
Published : ১৭:৪২, ২৮ জুলাই ২০২৬
পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার মাধ্যমে তারা কখনো অর্থ দাবি করছে, আবার কখনো বিভিন্ন ধরনের তদবির বা সুপারিশের চেষ্টা করছে।
পুলিশের ভাষ্য, এ ধরনের প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেও সেটি যে প্রকৃতপক্ষে ওই কর্মকর্তার পরিচালিত অ্যাকাউন্ট—এমনটি নিশ্চিতভাবে ধরে নেওয়ার সুযোগ নেই। তাই সন্দেহজনক কোনো বার্তা বা অর্থ চাওয়ার অনুরোধে সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।































