ঢাকার চারপাশে নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর, বাড়বে ওয়াটার বাস সেবা
Published : ০১:২৯, ৩ আগস্ট ২০২৬
রাজধানী ঢাকার চারপাশের নদীপথ পুনরায় সচল করে নগর পরিবহনে নৌপথের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাব্যতা রক্ষা এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার চারপাশের নৌপথ চালু এবং নদীভিত্তিক পরিবহনব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় রাজধানীর চারপাশের নৌপথ দ্রুত সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, শুধু নৌপথ চালু করাই নয়, নদীগুলোকে দূষণমুক্ত রাখা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
পরিবেশ সুরক্ষা এবং নদীতীরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নদীর পাশের ওয়াকওয়েগুলোর দুই ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























