রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি
Published : ১৬:৩৯, ২৮ জুলাই ২০২৬
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো নির্বাচনের সম্ভাব্য তারিখ বা তফসিল নির্ধারণ করা হয়নি।
আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করবে। কমিশনের আনুষ্ঠানিক সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার পর যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবও বৈঠকে অংশ নেন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা নেওয়া হবে এবং কমিশনই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাতেই পুরো নির্বাচন সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে প্রক্রিয়াগত কারণে ভোটগ্রহণের ভেন্যু পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। এ-সংক্রান্ত সব তথ্য গেজেট প্রকাশের মাধ্যমে জানানো হবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কমিশনের প্রস্তুতি চলমান রয়েছে উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, একই সময়ে একাধিক নির্বাচন সামনে থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজন করতে নির্বাচন কমিশন সক্ষম।
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি জানান, জাতীয় সংসদ সচিবালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা হাতে পাওয়ার পর পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংসদ অধিবেশন চলমান থাকুক বা না থাকুক, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো সাংবিধানিক বা প্রক্রিয়াগত বাধা নেই।
এদিকে সাতক্ষীরা-৪ আসনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি স্পষ্ট করেন, ওই বিষয়টি বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না। বৈঠকে কেবল রাষ্ট্রপতি নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনা হয়েছে।































