বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের পাঁচটি উপজেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে

বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের পাঁচটি উপজেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৫, ৩০ জুলাই ২০২৬

জুলাই মাসজুড়ে ঘোষিত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেটের পাঁচটি উপজেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে। আগামী ৩০ ও ৩১ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার সিলেট নগরীর জেলরোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।

তিনি জানান, ৩০ জুলাই কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় এবং ৩১ জুলাই কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

এ ছাড়া ৩০ জুলাই সকালে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরে পাঁচ মাইল এলাকায় দলের আহ্বায়কের বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে জুনেদ আহমদ বলেন, পদযাত্রার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা, স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে ধারণা নেওয়া এবং দলের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া। তিনি আশা প্রকাশ করেন, উপজেলা পর্যায়ের এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।

তিনি আরও বলেন, জুলাই মাসজুড়ে চলমান দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতাও কামনা করেছেন দলীয় নেতারা।

শেয়ার করুনঃ
Advertisement