মাত্র ৯ মাসে ৬ মিলিয়ন ফলোয়ার, নতুন মাইলফলক উদযাপন করল এনপিবি নিউজ
Published : ০০:৪৪, ৩ আগস্ট ২০২৬
ডিজিটাল সংবাদমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল অঙ্গনে নতুন এক সাফল্যের নজির স্থাপন করেছে এনপিবি নিউজ। আনুষ্ঠানিক যাত্রা শুরুর মাত্র ৯ মাসের মধ্যে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে ৬ মিলিয়ন ফলোয়ার অর্জন করেছে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমটি। এ অর্জনকে দেশের ডিজিটাল সংবাদমাধ্যমের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এই সাফল্য উদযাপন উপলক্ষে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে এনপিবি নিউজের কার্যালয়ে কেক কেটে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন), এশিয়া পোস্ট-এর সম্পাদক পলাশ মাহমুদ এবং সময়ের আলো-এর মাল্টিমিডিয়া ইনচার্জ সাঈদ রহমান। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ডিজিটাল বিভাগের প্রধান, করপোরেট ব্যক্তিত্ব, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ডিজিটাল যুগে মানুষের সংবাদ গ্রহণের ধরণ দ্রুত বদলে যাচ্ছে। এই বাস্তবতায় দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা ধরে রাখতে ডিজিটাল সংবাদমাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আহম্মদ সোহেল মনজুর (সুমন) বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম এখন মানুষের প্রধান সংবাদ উৎসে পরিণত হয়েছে। তাই দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, অল্প সময়ের মধ্যেই এনপিবি নিউজ পাঠক-দর্শকের আস্থা অর্জন করে দেশের দ্রুত বর্ধনশীল ডিজিটাল সংবাদমাধ্যমগুলোর মধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে।
এনপিবি নিউজের সম্পাদক আল হাদী বলেন, “এই অর্জন শুধু একটি সংখ্যা নয়; এটি দর্শকের আস্থা, বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন এবং আমাদের পুরো টিমের নিরলস পরিশ্রমের স্বীকৃতি। আমরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত, নির্ভুল ও দায়িত্বশীলভাবে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল আকরাম হোসেন বলেন, “দর্শকের চাহিদা ও ডিজিটাল কনটেন্ট গ্রহণের ধরণ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তথ্যভিত্তিক সংবাদ, ভিডিও রিপোর্ট, সাক্ষাৎকার, বিশ্লেষণধর্মী অনুষ্ঠান এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে এনপিবি নিউজ নিজস্ব অবস্থান আরও শক্তিশালী করেছে।”
তিনি আরও বলেন, “মাত্র ৯ মাসে ৬ মিলিয়ন ফলোয়ার অর্জন প্রমাণ করে যে, মানুষ এখন মানসম্মত ও বিশ্বাসযোগ্য ডিজিটাল কনটেন্টকে গুরুত্ব দিচ্ছে। এই সাফল্যের পেছনে আমাদের সংবাদকর্মী, ভিডিও টিম, প্রযুক্তি বিভাগ, প্রশাসনিক কর্মকর্তা এবং কোটি দর্শকের অবদান রয়েছে।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ অক্টোবর ‘সত্য, সরাসরি, সবার আগে’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনপিবি নিউজ। সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিত ‘প্রশ্নের মুখোমুখি’, ‘এনপিবি পডকাস্ট’, ‘বিজনেস পালস’, ‘এনপিবি বিল্ড টক বাংলাদেশ’, ‘তারার রং’ এবং ‘এনপিবি গানে গানে’-সহ বিভিন্ন বিশেষায়িত অনুষ্ঠান প্রচার করছে।
বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ কোটি পাঠক-দর্শক এনপিবি নিউজের সংবাদ ও অনুষ্ঠান উপভোগ করছেন, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।


































