গোবিন্দগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থা ও রোগীকে টাকা ফেরতের নির্দেশ
Published : ০১:৪৮, ৩ আগস্ট ২০২৬
গাইবান্ধা: আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভ্যাকসিন কেনার জন্য রোগীর খরচ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি।
রোববার (২ আগস্ট) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে কুকুরের কামড়ে আহত শামসুন্নাহার নামে এক রোগী মন্ত্রীর কাছে অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও দায়িত্বরত সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করেন। পরে তিনি এক হাজার ৩০ টাকা ব্যয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নেন।
অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাসুদুর রহমান আকন্দকে ফোন করে অভিযুক্ত সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
একই সঙ্গে মন্ত্রী অভিযোগকারী রোগীর ভ্যাকসিন কেনার জন্য ব্যয় করা অর্থ ফেরত দেওয়ার মৌখিক নির্দেশ দেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, ওষুধের স্টোর এবং রান্নাঘর ঘুরে দেখেন। তিনি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরীক্ষা করেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এলাকার একটি বেসরকারি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


































