বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলের সঙ্গে সাক্ষাৎ: তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
Published : ০২:১৯, ৩ আগস্ট ২০২৬
ঢাকা, রোববার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।”
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক ‘মেট আরওভি (MATE ROV) ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবট প্রধানমন্ত্রীকে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি জানান, রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।
এমআইএসটির শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রযুক্তি খাতে কাজ করার পাশাপাশি নিজেদের উদ্যোগে স্টার্টআপ গড়ে তোলার আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।
উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল বিশ্বচ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং আয়োজক কানাডা তৃতীয় স্থান লাভ করে।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।






























