বেনজীরকে দেশে ফেরাতে ইউএইতে ‘ল ফার্ম’ নিয়োগ, জামিন বাতিলে আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

বেনজীরকে দেশে ফেরাতে ইউএইতে ‘ল ফার্ম’ নিয়োগ, জামিন বাতিলে আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

Published : ০১:৫৯, ৩ আগস্ট ২০২৬

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে একটি অভিজ্ঞ ‘ল ফার্ম’ নিয়োগ করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে একটি অভিজ্ঞ আইন প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে এবং বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

মন্ত্রী জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী বেনজীর আহমেদ এমন শর্তে জামিন পেয়েছেন, যাতে তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। তবে আদালতের চূড়ান্ত শর্তাবলি জানতে জামিনের সার্টিফায়েড কপির জন্য আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, পুরো বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র সচিব এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছেন।

 
শেয়ার করুনঃ
Advertisement