উত্তরায় পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

উত্তরায় পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪১, ১৫ আগস্ট ২০২৬

রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের কর্মচারীকে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সরাসরি আটজনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন ছিনতাইয়ে সরাসরি অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চারটি ৭.৬৫ মিমি পিস্তল, ছয়টি ম্যাগজিন, ২১ রাউন্ড গুলি, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গত রোববার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ডিএল পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় একটি কভার্ডভ্যানের গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা।

মামলার এজাহার অনুযায়ী, পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কভার্ডভ্যানের চালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে অস্ত্রের মুখে তাঁদের গাড়ির গতিরোধ করা হয়। একপর্যায়ে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনার এক সপ্তাহের মাথায় শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য জানান।

তিনি বলেন, তদন্তের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস ও জাফরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়াইল থেকে রুবেল ও যাত্রাবাড়ীর কাজলারপাড় থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে পোস্তগোলা এলাকা থেকে লুট হওয়া ৯ লাখ টাকাসহ সাগর বাড়ৈকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, রুবেলের ভাড়া বাসা থেকেও লুট হওয়া ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এভাবে মোট ১২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

ডিবির প্রধান বলেন, সাগর বাড়ৈর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তিনি একজন পেশাদার অপরাধী এবং এর আগেও ঢাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া রুবেলের বিরুদ্ধে চারটি, মিন্টুর বিরুদ্ধে তিনটি, জাফরের বিরুদ্ধে দুটি এবং ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

শফিকুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের ঘটনায় আটজনকে দেখা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ছিনতাইয়ের পর টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল। মূল হোতারা বেশি অংশ পেয়েছে এবং অন্যরা সহযোগিতার ভিত্তিতে টাকা ভাগ করে নিয়েছে।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী এখনো পলাতক। তাঁকে গ্রেপ্তার করা গেলে ছিনতাইয়ের পরিকল্পনা ও পুরো চক্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে মূল হোতা এবং পলাতক অন্যদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।

তদন্তে এখন পর্যন্ত পেট্রোল পাম্পের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ডিবির কর্মকর্তারা। বাকি আসামিদের গ্রেপ্তার এবং উদ্ধার না হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement