সামজ ভাইয়ের নতুন গান ‘যাও পাখি যাও
Published : ১৪:৫২, ১৫ আগস্ট ২০২৬
প্রেম, অভিমান আর বিচ্ছেদের চিরচেনা অনুভূতিকে ঘিরে নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামজ ভাই। তাঁর নতুন গান ‘যাও পাখি যাও’ প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।
‘যাও পাখি যাও’ গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন সামজ ভাই নিজেই। গানটিতে ভালোবাসার পাশাপাশি প্রিয় মানুষকে হারানোর বেদনা, অভিমান ও না বলা অনুভূতিগুলো তুলে ধরা হয়েছে।
গানটির গল্পকে দৃশ্যমান করতে নির্মাণ করা হয়েছে একটি আবেগঘন মিউজিক ভিডিও। ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, নূর ও আফরা নিশাত সুবর্ণা। তাঁদের অভিনয়ের মধ্য দিয়ে প্রেমের টানাপোড়েন, আবেগ ও বিচ্ছেদের কষ্টের গল্প ফুটে উঠেছে। ভিডিওতে সামজ ভাইকেও দেখা গেছে।
নতুন গান প্রসঙ্গে সামজ ভাই বলেন, গানটি তাঁর জন্য কিছুটা আলাদা। ভালোবাসার পাশাপাশি এতে হারানোর কষ্ট, অভিমান ও না বলা অনুভূতি রয়েছে। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সব শ্রেণির শ্রোতার কাছে গানটি ভালো লাগবে এবং অনেকেই নিজেদের জীবনের গল্পের সঙ্গে এর মিল খুঁজে পাবেন।
প্রেম ও বিচ্ছেদের আবেগঘন গল্পের কারণে প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সামজ ভাইয়ের ভক্তদের পাশাপাশি প্রেম-বিরহের গান পছন্দ করেন এমন শ্রোতারাও গানটি উপভোগ করছেন।


































