বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি নিউজ

Published : ১১:১২, ১৯ আগস্ট ২০২৬

আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, ব্যালট কীভাবে গ্রহণ ও পূরণ করবেন এবং ভোট গণনার পর কীভাবে ফল ঘোষণা করা হবে এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ২০ আগস্টের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার, যিনি নির্বাচনকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, সংসদ সদস্যদের ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।

ভোটের প্রক্রিয়া সম্পর্কে আখতার আহমেদ বলেন, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে—একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর থাকবে। নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট সংসদ সদস্য পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর ব্যালট পেপার গ্রহণ করবেন।

মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষরের মাধ্যমে ভোট দেবেন।

ভোট দেওয়া শেষে নির্ধারিত ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। গণনার সময় কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে, তা হিসাব করা হবে। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচনকর্তা বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনে ফিরে ফলাফলের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement