রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ, শপথ শুক্রবার বঙ্গভবনে

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ, শপথ শুক্রবার বঙ্গভবনে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:০৫, ২০ আগস্ট ২০২৬

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন শুরুর পাঁচ মিনিট আগে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।

চিফ হুইপ বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোট দেওয়া শেষ হলে পরবর্তী ভোটগ্রহণের কার্যক্রম রেকর্ড করা হবে। নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও সরাসরি সম্প্রচার শুরু হবে। পাশাপাশি ফলাফল ঘোষণার কার্যক্রমও সরাসরি সম্প্রচার করা হবে।

নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটি হচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কর্নেল (অব.) অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন।

এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট এবং বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

শেয়ার করুনঃ
Advertisement