রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রীর ভোটদান সরাসরি দেখাবে বিটিভি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রীর ভোটদান সরাসরি দেখাবে বিটিভি রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রীর ভোটদান সরাসরি সম্প্রচারিত হবে। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫১, ২০ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরুর সময় গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এর মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার এবং প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার দৃশ্যও থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোট গ্রহণ শুরুর সময় এসব গুরুত্বপূর্ণ দৃশ্য সম্প্রচারের পর বিটিভির সরাসরি সম্প্রচার বন্ধ থাকবে। পরে ভোট গণনার সময় আবারও সরাসরি সম্প্রচার শুরু করবে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেল। গণনা শেষে জাতীয় সংসদ কক্ষেই নির্বাচনের ফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

১৯৯১ সালের পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই বছর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস বিজয়ী হয়েছিলেন। এরপর সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা শুরু হবে এবং সংসদ কক্ষেই ফলাফল ঘোষণা করা হবে। পরে নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সিইসি। সংসদের অধিবেশন চলমান না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্বের পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করবেন তিনি।

ভোট দেওয়ার সময় সংসদ সদস্যদের নিজ নিজ আসনে বসে ব্যালট গ্রহণ করতে হবে। ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে নাম লিখে স্বাক্ষর করতে হবে।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে ভোট দিতে পারবেন। তাঁদের জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনিও ভোট দিতে পারবেন। তবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন তাঁর সংসদীয় আসনটি শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারবেন না।

জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি হলেও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত থাকায় বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৪৯ জন।

শেয়ার করুনঃ
Advertisement