আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, ভোটের প্রস্তুতিতে ইসির ২০ কর্মকর্তা
Published : ১২:১২, ২০ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। ভোটকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত করতে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের নেতৃত্বে ২০ কর্মকর্তা বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, ভোটের সামগ্রী পরিবহনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ভোটের প্রয়োজনীয় সব সামগ্রী নিয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে নির্বাচন ভবন থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হবেন ইসির কর্মকর্তারা।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাবেন। নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে পৌঁছাবেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় নির্বাচনি কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তার জন্য ইসি ২০ কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।
তারা হলেন—ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এএসএম জাকির হোসেন, একান্ত সচিব এসএম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
যেভাবে হবে ভোটগ্রহণ
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গত ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
এবারের নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।
দুই প্রার্থীর মধ্যে সংসদ সদস্যদের ভোটে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে।






























