৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল
Published : ১২:২৫, ২০ আগস্ট ২০২৬
দীর্ঘ ৩৫ বছর পর আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।
এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া সাংবিধানিক জটিলতারও অবসান হয়েছে। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন—এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল।
বর্তমানে স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করায় শপথ পড়ানোর ক্ষেত্রে সাংবিধানিকভাবে করণীয় কী, তা জানতে চাওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া মতামতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত স্পিকার শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।
আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।
আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা হলো, ডেপুটি স্পিকার যেহেতু বর্তমানে স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনিই সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।
ফলে আগামীকাল বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আজ ভোট, কাল শপথ
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের সংসদকক্ষে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
ভোটগ্রহণ শেষে নির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে। এরপর আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটগ্রহণের এই আয়োজনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।






























