রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৩, ২০ আগস্ট ২০২৬

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ দৃশ্য দেখা যায়।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ১০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়।

ভোট দেওয়ার সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ডা. শফিকুর রহমানের কোলাকুলির দৃশ্য সংসদ কক্ষে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

শেয়ার করুনঃ
Advertisement