রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না রুমিন ফারহানা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন না রুমিন ফারহানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৬, ২০ আগস্ট ২০২৬

জাতীয় সংসদে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে বিএনপির মনোনয়ন না পেয়ে পরে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেবেন কি না, তা নিয়ে ভোটগ্রহণের শুরু থেকেই কৌতূহল ছিল। বিকেল ৪টা পর্যন্ত তাকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে দেখা যায়নি।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাধ্যবাধকতার বাইরে থাকায় দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপর ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাকে সহায়তা করতে নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

শেয়ার করুনঃ
Advertisement