মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ছয়জন, চারজনের নাম জানা গেছে
Published : ১৮:২৩, ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও ছয়জন নতুন সদস্য যুক্ত হতে পারেন বলে জানা গেছে। এর মধ্যে এখন পর্যন্ত তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীসহ চারজনের নাম জানা গেছে।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন। এ উপলক্ষে সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ যোগাযোগ করেছে এবং তাদের বঙ্গভবনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজন হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ সূত্র আরও জানিয়েছে, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনাও রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠান পরিচালনা করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।



























