বাংলাদেশের মানুষ কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না: ডা. শফিকুর রহমান
Published : ১৮:৩১, ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন। তবে ওই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো আধিপত্যের ভিত্তিতে নয়, বরং সমতা ও পারস্পরিক সম্মানের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে সফর করতে পারেন এবং প্রতিবেশী দেশ ভারতেও যেতে পারেন। তবে প্রতিটি সফরে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা সমুন্নত রাখতে হবে।
দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলের প্রধান। তিনি চাইলে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। এসব বন্ধে সরকারের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান শফিকুর রহমান। ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি কেউ যাতে ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে আস্থা অর্জনের চেষ্টা করছে।
সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপি সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং মহানগরীর সহস্রাধিক রোকন সদস্য উপস্থিত ছিলেন।



























