মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট ছবি: কোলাজ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৩, ২২ আগস্ট ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু।

এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

মুইজ্জু বলেন, এই নির্বাচন নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের সহযোগিতার গভীরতা ও পরিধি আরও বাড়বে এবং বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রেসিডেন্ট মুইজ্জু।

শেয়ার করুনঃ
Advertisement