মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Published : ১০:৫২, ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি মির্জা ফখরুলের সফল মেয়াদ কামনা করেছেন।
এক অভিনন্দন বার্তায় মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফল মেয়াদের ভিত্তি তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি।
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও উষ্ণ বন্ধুত্বের ভিত্তিতে একটি অনন্য সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব আরও জোরদার করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের রাষ্ট্রপতি।
বার্তায় মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, সুখ ও সফলভাবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন দ্রৌপদী মুর্মু।































