গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১৮:৪৭, ২২ আগস্ট ২০২৬

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। তবে গণমাধ্যমের স্বাধীনতা ভোগের পাশাপাশি সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তথ্যমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

স্মৃতিসৌধে যাওয়ার আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন আন্দালিব রহমান পার্থ। তিনি জানান, গণমাধ্যমবান্ধব পরিবেশ বজায় রেখে মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কাজ এগিয়ে নেওয়া হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সময় ও পরিস্থিতি বিবেচনা করেন। দীর্ঘদিন রাজনীতির পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থাকায় সবার সহযোগিতায় দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন বলে আশাবাদী তিনি।

টেলিভিশনের টকশো ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিয়মিত উপস্থিতির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আগের মতো ঘন ঘন কথা বলার সুযোগ না হলেও তিনি গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন এবং দায়িত্বশীল অবস্থান থেকে কথা বলবেন।

আমলাতান্ত্রিক জটিলতা ও সাধারণ মানুষ থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, জনগণই ক্ষমতার উৎস। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ভারসাম্য বজায় রাখাই একজন রাজনীতিবিদের বড় সাফল্য।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে পার্থ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যম দীর্ঘদিন জনগণের কথা বলার চেষ্টা করেছে। নতুন সরকারের সময়ে সংবাদমাধ্যমের ওপর অযাচিত নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো মানসিকতা নেই।

তিনি বলেন, মুক্ত গণমাধ্যম দায়িত্বহীনতার সুযোগ নয়। গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ; তাই দেশের স্বার্থ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে।

শেয়ার করুনঃ
Advertisement