বঙ্গভবনে গার্ড অব অনার নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Published : ০৯:৪০, ২৩ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাচ্ছেন। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বেলা ১১টায় বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বঙ্গভবনে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে ওইদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তার সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।































