স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
Published : ১৭:৫৭, ২৩ আগস্ট ২০২৬
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।
সভা শুরুর আগে সকাল সাড়ে ৯টায় নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য দেন।
আন্দালিভ রহমান বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। তার ভাষ্য, দেশে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং সরকারের কাজের সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরা নৈতিক দায়িত্ব।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।
কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে কোনো সিদ্ধান্তে কারও প্রতি অন্যায় বা অবিচার না হয়।
সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।































