মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ফিরছেন ঢাকায়
Published : ১৮:১৭, ৩০ আগস্ট ২০২৬
দীর্ঘদিন বিদেশে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ ও মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণের পর তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাস আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে।
দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। চিকিৎসা চলাকালে মেডিকেল বোর্ড নিয়মিত তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা, বিশ্রাম ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মির্জা আব্বাস।






























