জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
Published : ১২:৩১, ৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানীও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে অনুষ্ঠানে যোগ দেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হবে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে কেন্দ্র করে প্রতিবছর দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায়ও নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা সামনে রেখে এবারের জন্মাষ্টমী উদযাপনেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে































