আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস
Published : ১০:৪৫, ২ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
তাকে বহনকারী বিমানটি রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন এবং মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী দেশে ফিরছেন। দেশে ফেরার পরও তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে এবং নিয়মিত থেরাপি নিতে হবে।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর আশা করছেন তারা। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে ১৫ মার্চ শারীরিক অবস্থার আরও অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
এরপর থেকে মালয়েশিয়াতেই চিকিৎসাধীন ছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। দীর্ঘ চিকিৎসা শেষে মেডিক্যাল বোর্ডের অনুমতি পাওয়ার পর আজ দেশে ফিরছেন তিনি।
































