রেলওয়ের শীর্ষ তিন পদে রদবদল, বদলেছে পূর্বাঞ্চল ও রেলভবনের দায়িত্ব
Published : ১৫:১১, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ তিনটি পদে একযোগে রদবদল করা হয়েছে। এর ফলে ঢাকার রেলভবন ও চট্টগ্রাম পূর্বাঞ্চলের শীর্ষ প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকায় অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
তার জায়গায় চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব নিচ্ছেন মামুনুল ইসলাম, পিইঞ্জ। তিনি এর আগে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন।
উন্নয়ন বিভাগের দায়িত্বে মাসউদুর রহমান
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
নতুন দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বও পালন করবেন তিনি।
একসঙ্গে তিন পদে পরিবর্তন
রেলওয়ের এই প্রশাসনিক রদবদলের ফলে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন এসেছে। ঢাকার রেলভবনে অবকাঠামো ও উন্নয়ন সংক্রান্ত শীর্ষ পর্যায়ের দায়িত্বের পাশাপাশি চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রশাসনিক নেতৃত্বেও নতুন মুখ দায়িত্ব পাচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন পদায়নের ফলে রেলওয়ের অবকাঠামো, উন্নয়ন প্রকল্প এবং পূর্বাঞ্চলের প্রশাসনিক কার্যক্রমে দায়িত্বের পুনর্বিন্যাস ঘটেছে।




























