রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে: ভূমিমন্ত্রী
Published : ২০:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজকে দেশ ও দেশের বাইরের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, এই প্রতিষ্ঠানটি অনেক কৃতী ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, যারা আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
শুক্রবার রাজধানীর হেয়ার রোডে নিউ গভ. ডিগ্রি কলেজের ঢাকাস্থ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বিদ্যাপীঠটির বরেণ্য প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সালাহউদ্দিন, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শালসহ উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ী রয়েছেন। বর্তমানে কলেজের ৫৮তম বছর চলমান রয়েছে উল্লেখ করে তিনি ঘোষণা দেন, আগামীতে দেশ-বিদেশের সকল প্রাক্তনীদের নিয়ে বড় পরিসরে ৬০ বছরপূর্তি উৎসব আয়োজন করা হবে। পাশাপাশি কলেজের জরাজীর্ণ অডিটোরিয়াম দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী দেশের নারী শিক্ষা ও সার্বিক শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।





























