গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২০, ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গুমের শিকার মফিজুল ইসলাম রাশেদের ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী রামীমুল ইসলাম রিফাদের জন্য পাঠ্যপুস্তক ও প্রয়োজনীয় টেস্ট পেপার পাঠিয়েছেন।

আজ শুক্রবার রিফাদের বড় ভাই রিমনের হাতে পড়াশোনার জন্য প্রয়োজনীয় এসব বই তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালের ৪ এপ্রিল দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম রাশেদ গুম হন। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে স্বামীর বিচারের দাবিতে আন্দোলনের পথে সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাদের মা রুমা বেগম। বাবা-মাকে হারিয়ে বর্তমানে চাঁদপুরে খালার বাসায় থেকে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রিফাদ।

সম্প্রতি রিফাদের ভাই রিমন তার পড়াশোনার জন্য কিছু বই ও টেস্ট পেপারের প্রয়োজনের কথা জানালে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বই হস্তান্তরের সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটনসহ বিভিন্ন ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে ‘আমরা বিএনপি পরিবার’ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

 
শেয়ার করুনঃ
Advertisement