হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর
Published : ২০:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় তিনি এই দাবি জানান। সড়কের বর্তমান পরিস্থিতির দিকে কমিটির দৃষ্টি আকর্ষণ করে প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত ব্যস্ত এই সড়কে ডিভাইডার না থাকায় সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রুখতে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি।
তিনি উন্নয়ন কাজে সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন এবং পরিবেশ ও কৃষি জমি রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন।
উক্ত সভায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সিডিএ’র ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় পাঁচলাইশ, ষোলশহরসহ একাধিক মৌজার জমি অধিগ্রহণের প্রস্তাব মঞ্জুর করা হয়।
এছাড়া ‘চাতুরী-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক-ফকিরনীহাট জাতীয় মহাসড়ক’ এবং ‘বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ’ প্রকল্পের আওতায় বিভিন্ন মৌজার জমি অধিগ্রহণ অনুমোদন পায়। সভায় বিদ্যুৎ, রেলওয়ে, যশোর ইপিজেড এবং নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বেশ কিছু শিল্প ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ভূ-অধিগ্রহণও অনুমোদন করা হয়েছে।





























