৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার
Published : ২০:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল আজ রাতে ঢাকা ত্যাগ করবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও মিজ্ সাকিলা ফারজানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মাহবুবুল আলম। প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর কেপটাউনে আয়োজিত এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশ নেবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো: ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’। এতে আন্তর্জাতিক আইন ও সংসদীয় চর্চা বিষয়ক আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সফরকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের প্রিমিয়ার এলান উইন্ডের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধিদল।
গণতন্ত্র চর্চা সুসংহতকরণের লক্ষ্য নিয়ে আয়োজিত সংসদীয় কর্মশালােও অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যরা। সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিনিধিদলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।

































