আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, সরকারে থাকা অবস্থায় আসিফ নজরুল নানা জটিলতা তৈরি করেছেন এবং দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করেননি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আসিফ নজরুলকে নিয়ে এসব মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। এ কারণে আসিফ নজরুলের প্রতি তার ক্ষোভ রয়েছে বলেও জানান তিনি।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে আসিফ নজরুল ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলেছেন’। ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময়ও তিনি নানা পরিবর্তনের চেষ্টা করেছিলেন বলে দাবি করেন পাটওয়ারী।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে আসিফ নজরুল উপস্থিত ছিলেন। সেনানিবাসে যাওয়ার সময় তিনি নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন বলেও দাবি করেন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, বঙ্গভবনে যাওয়ার সময় আসিফ নজরুলকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তিনি সেদিন ভেতরে ঢোকার চেষ্টা করলে সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

শেয়ার করুনঃ
Advertisement