ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার, বাড়তে পারে ডিজিটাল ব্যবসায় সহযোগিতা

ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার, বাড়তে পারে ডিজিটাল ব্যবসায় সহযোগিতা পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে ফেসবুকের বড় ব্যবহারকারীভিত্তি এবং দ্রুত বাড়তে থাকা অনলাইন ব্যবসার বাজারকে বিবেচনায় নিয়ে ঢাকায় কার্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে ই-কমার্স ও অনলাইন ব্যবসার সম্প্রসারণ এবং সাইবার নিরাপত্তার মতো বিষয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি জানান, মেটার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের আলোচনা ছিল ফলপ্রসূ। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের থাকার কথা থাকলেও সময়স্বল্পতার কারণে তিনি অংশ নিতে পারেননি। তবে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

শামা ওবায়েদ বলেন, ঢাকায় মেটার একটি অফিস বা কার্যক্রমের কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে প্রতিষ্ঠানটির আগ্রহ রয়েছে। একই আলোচনায় বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং ডিজিটাল খাতের বিভিন্ন নীতিগত বিষয়ও উঠে আসে।

এর পাশাপাশি দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসারে মেটার সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় এসেছে। বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসার ডিজিটাল সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সম্প্রতি মেটা ও লাইটক্যাসল পার্টনার্স ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি নিয়ে ‘Agami: Bangladesh AI Innovation Day’ আয়োজন করে। সেখানে বাংলাদেশি ব্যবসার জন্য মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের অর্থ বিকাশের মাধ্যমে পরিশোধের স্থানীয় পেমেন্ট সুবিধা চালুর বিষয়টিও তুলে ধরা হয়।

এ ছাড়া মেটার Small Business Growth Academy-এর আওতায় বাংলাদেশে এক হাজারের বেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং এবং এআইভিত্তিক ব্যবসায়িক সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চলছে।

সব মিলিয়ে ঢাকায় সম্ভাব্য কার্যালয় স্থাপন হলে বাংলাদেশে মেটার কার্যক্রমের পরিধি আরও বাড়তে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসা, ডিজিটাল বিজ্ঞাপন, উদ্যোক্তা প্রশিক্ষণ ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement