বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো উপস্থিতি: ট্রাম্পের অভ্যর্থনা ও জাতিসংঘের বৈঠকে তারেক রহমান
Published : ১৩:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্ক এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের এই মেগা আসরে কূটনৈতিক অঙ্গনে বিশেষ নজর কেড়েছে বাংলাদেশের উপস্থিতি। জাতিসংঘের ৮১তম এই অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন বিশ্বমঞ্চের অন্যতম প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ দুটি আয়োজনে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত জমকালো অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও তাঁদের জীবনসঙ্গীদের এই সমাগমে বাংলাদেশের শীর্ষ নেতার উপস্থিতি দেশের নতুন কূটনৈতিক অভিযাত্রারই এক নান্দনিক বহিঃপ্রকাশ।
এর আগে একই দিনে সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতঃরাশ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান। বিশ্বের প্রভাবশালী নেতাদের এই সম্মিলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি এবং কূটনৈতিক সক্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।






























