সুযোগ তৈরি হলে কমবে জ্বালানি তেলের দাম, বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

সুযোগ তৈরি হলে কমবে জ্বালানি তেলের দাম, বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের তুলনায় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম। দুই দেশের দামে বড় ব্যবধান থাকলে তেল পাচারের ঝুঁকি বাড়ে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিকল্প না থাকায় সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কমে আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে দেশের জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করা হবে। পরিস্থিতি অনুকূলে এলে দাম আগের তুলনায় কমানোর কথাও জানান প্রতিমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও বক্তব্য দেন। তিনি জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করে দলটির রাজনৈতিক আচরণ নিয়ে মন্তব্য করেন এবং এর জবাব জনগণ দেবে বলে উল্লেখ করেন।

শেয়ার করুনঃ
Advertisement