প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন
Published : ১১:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশন ঘিরে বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরা হবে। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ৩০টি আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেন এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এএএম সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।































