মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত নারী আসন

মিষ্টির পদত্যাগে শূন্য সংরক্ষিত নারী আসন ফেরদৌসী আহমেদ মিষ্টি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৭, ১ অক্টোবর ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩-এর সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই দিন থেকেই আসনটি শূন্য হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি শূন্য আসন পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। সংসদে প্রায় ১৫ মিনিট অবস্থান করার পর তিনি বেরিয়ে আসেন। পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পিকার তাকে ডেকেছিলেন, তাই তিনি দেখা করতে এসেছিলেন।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের পর তার পদত্যাগের বিষয়টি সামনে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিনি পদত্যাগপত্র জমা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

গত ২৪ সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তদন্তের কথাও সরকারি পর্যায় থেকে বলা হয়েছে।

মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি বর্তমানে পুনরায় ব্যবহারের উপযোগী করার জন্য সংস্কার করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement