বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১১:০১, ৫ অক্টোবর ২০২৬
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব বসতি দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে পরিবেশবান্ধব ও টেকসই নগর উন্নয়নের বার্তাও তুলে ধরা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় দেশের আবাসন ব্যবস্থা, নগরায়ণ ও বসবাসযোগ্য পরিবেশ নিয়ে বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের তথ্য নিশ্চিত করেছেন।































