সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার
Published : ১১:৩১, ৫ অক্টোবর ২০২৬
সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শহরকেন্দ্রিক মানুষের চাপ কমাতে পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, দেশের সব জেলায় পরিকল্পিত নগরায়ণের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে আবাসন, নাগরিক সুবিধা ও নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১১ নম্বর লক্ষ্য বা এসডিজি-১১ অর্জনে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই শহর গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।































