বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
Published : ১১:১৯, ৫ অক্টোবর ২০২৬
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে।
শিক্ষকদের অবদান স্মরণ, তাদের পেশাগত মর্যাদা বাড়ানো এবং যথাযথ স্বীকৃতি দেওয়াই বিশ্ব শিক্ষক দিবসের মূল উদ্দেশ্য। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে।
২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন।’ এ বছর ১৯৬৬ সালের শিক্ষকদের মর্যাদা-সংক্রান্ত আন্তর্জাতিক সুপারিশমালার ৬০ বছর পূর্ণ হওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
শিক্ষকদের অধিকার, দায়িত্ব, পেশাগত প্রস্তুতি, নিয়োগ এবং কর্মপরিবেশ নিয়ে ওই সুপারিশে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু সংকট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অভিবাসন ও বাস্তুচ্যুতির মতো বিষয়ও শিক্ষকদের কাজকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হবে। জাতীয় পর্যায়ে এর আগে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে।
এবার প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন। এ ছাড়া মেডিক্যাল কলেজের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় আরও পাঁচজন শিক্ষক সম্মাননা পাবেন। সব মিলিয়ে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষক এবার জাতীয় স্বীকৃতি পাচ্ছেন।
বিভিন্ন শিক্ষা অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক অনুসন্ধান কমিটি গুণী শিক্ষকদের তালিকা তৈরি করে। পরে জাতীয় পরিচালনা কমিটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ১০০ জনের তালিকা অনুমোদন করে।
বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সাম্প্রতিক বছরগুলোতে আরও বিস্তৃত হয়েছে। ২০২২ সালে দেশব্যাপী দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালে জাতীয় পর্যায়েও আয়োজন করা হয় এবং পরবর্তী সময়ে মন্ত্রিসভার বার্ষিক ক্যালেন্ডারে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।































