ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, জানুন বুকিংয়ের সময়
Published : ১৬:৫৪, ৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়মে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত নির্দেশনায় স্লট খোলার সময় ও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পরবর্তী দুই সপ্তাহের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট ভারতীয় মিশন ও ভিসা বিভাগের স্লট প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।
স্লট খোলা থাকলে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। শনিবার বুকিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আইভ্যাক জানিয়েছে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ থাকবে না। আবেদনকারীরা অফিস খোলার দিন বিবেচনায় পরবর্তী দুই সপ্তাহের মধ্যে যেকোনো উপলভ্য তারিখ নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সময়মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট আবেদনকারীদের নতুন নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।






























