২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৬, ৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন। সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি উন্নয়ন ও বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাপান সফর। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করাই সফরের অন্যতম প্রধান লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য জাপান সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement