আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন জামায়াত আমির

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন জামায়াত আমির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৯, ৭ অক্টোবর ২০২৬

বিশেষ একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং মো. মোবারক হোসাইন। তারা ডা. শফিকুর রহমানের নিরাপদ যাত্রা কামনা করেন।

দলীয় সূত্র জানায়, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। সেখানে তিনি একটি মূল প্রবন্ধও উপস্থাপন করবেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত’। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে বাংলাদেশ ও তুরস্ক ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং সামাজিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

তুরস্কের সফর শেষে ডা. শফিকুর রহমান সরাসরি সৌদি আরবে যাবেন। সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement