প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান, নিয়োগ পেলেন আরও দুই কমিশনার
Published : ১৭:৫৯, ১৭ অক্টোবর ২০২৬
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস.এ.এম. মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে এ বিষয়ে পৃথক নিয়োগপত্র জারি করা হয়।
মন্ত্রণালয়ের নিয়োগপত্রে বলা হয়েছে, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের এসব পদে নিয়োগ দিয়েছেন।
নিয়োগপত্র অনুযায়ী, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে।
তথ্য অধিকার আইন অনুযায়ী, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত আইনের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তথ্য কমিশন।
































