দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক বিজিবি
Published : ১৮:০৫, ১৮ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় অপরাধ ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী কালীতলা এলাকায় দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সীমান্ত নিরাপত্তার বিষয়ে কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, বিজিবি কোনো একটি নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে না; বরং পুরো সীমান্তকেই গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করছে। তাঁর ভাষ্য, সীমান্তের উভয় পাশে অপরাধীদের যাতায়াতের সম্ভাবনা থাকায় সব এলাকায় সতর্ক নজরদারি রাখা হচ্ছে। কোনো নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত না করলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
এর আগে সেক্টর কমান্ডার কালীতলা এলাকার তিনটি পৃথক মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
পরিদর্শনকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।




























