দুর্গাপূজার নিরাপত্তায় প্রতিদিন মাঠে এসআরবির সাড়ে ৬ হাজার সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় প্রতিদিন মাঠে এসআরবির সাড়ে ৬ হাজার সদস্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৮, ১৮ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ১৫টি ব্যাটালিয়নের প্রায় সাড়ে ৬ হাজার সদস্য প্রতিদিন দায়িত্ব পালনের পাশাপাশি সাড়ে ৫০০ পিকআপ ও সাড়ে ৪০০ মোটরসাইকেল নিয়ে টহল দিচ্ছেন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানান এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

তিনি জানান, শনিবার (১৬ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে তা শেষ হবে। এ সময়জুড়ে নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী বিশেষ ব্যবস্থা নিয়েছে এসআরবি।

বাহিনীটির তথ্য অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত পূজাসংশ্লিষ্ট এলাকায় প্রতিদিন প্রায় সাড়ে ৬ হাজার সদস্য মোতায়েন থাকবেন। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমে যুক্ত রয়েছে এসআরবির ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এসব দলের সদস্যরা গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে তল্লাশি ও সুইপিং কার্যক্রম চালাচ্ছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ফোর্স টিম প্রস্তুত রাখা হয়েছে এবং অতিরিক্ত সদস্যদের রিজার্ভে রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বাহিনীটি।

স্থানীয় পর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্যাটালিয়নগুলোর কন্ট্রোল রুম থেকে পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। ঢাকাসহ দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সমন্বয়ের দায়িত্ব পালন করছে এসআরবি সদরদপ্তরের কন্ট্রোল রুম।

গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী মণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এসআরবি।

বাহিনীটির ভাষ্য, গোয়েন্দা তথ্য, সাইবার নজরদারি ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এখন পর্যন্ত দুর্গাপূজা ঘিরে নাশকতা বা উগ্রবাদী হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এ ধরনের পরিকল্পনা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং চালু রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে উসকানিমূলক তথ্য বা গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছে এসআরবি।

শেয়ার করুনঃ
Advertisement