সিরাজগঞ্জে ৭১৬ বোতল ফেনসিডিল জব্দের মামলায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ৭১৬ বোতল ফেনসিডিল জব্দের মামলায় দুইজনের যাবজ্জীবন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪২, ১৮ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে ২০১২ সালে ৭১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে উজ্জল হোসেন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল করীম শাহীন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার আরেক আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০১২ সালের ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক নিয়ে কয়েকজন যুবকের ঢাকার উদ্দেশে যাত্রার খবর পায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে অধিদপ্তরের কর্মকর্তারা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সাতটিকরী এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালান।

ওই দিন দুপুরের দিকে একটি ট্যাংকলরি থামিয়ে তল্লাশি করে ৭১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল হোসেন ও উজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘদিনের সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

শেয়ার করুনঃ
Advertisement